আমাদের বাংলাদেশে রবীন্দ্রনাথকে নিয়া যে তর্ক-বিতর্ক হয় সেইটা আসলে কোনো সাহিত্যিক তর্ক-বিতর্ক না, মানে তার সাহিত্যিক প্রতিভা নিয়া না, সেই তর্কটা আসলে হয় রবীন্দ্রনাথের শ্রেণিগত অবস্থান, ক্ষমতা(জমিদারি), প্রভাব প্রতিপত্তি ও পরিচয়ের রাজনীতি নিয়া। সমস্যা আরও জটিল হয় যখন দেখা যায় তার কিছু অজ্ঞান ভক্তকুল, প্রশ্নহীন ভালোবাসায় তাকে সবার ওপর স্থান দিয়া রাখে এবং তার চারপাশে একটা ভয় ও ক্ষমতার দেয়াল তৈরি কইরা রাখে। সেই প্রেক্ষিতে প্রশ্ন আসে- একজন কবি কীভাবে এমন এক প্রতীকী অবস্থানে পৌঁছাইয়া যান যে যেখানে তাকে সমালোচনা করা সামাজিকভাবে অস্বস্তিকর ও ঝুঁকিপূর্ণ। এই স্পর্শকাতর বিষয়টি আমরা এখানে একটু সমাজতত্ত্ব ও রাজনৈতিক তত্ত্বের আলোকে আলোচনা করতে পারি।
রবীন্দ্রনাথঃ সাংস্কৃতিক প্রতীক
আজকের আধুনিক রাষ্ট্র শুধু সংবিধান, পুলিশ, সেনাবাহিনী কিংবা প্রশাসনের সাহায্যে বহাল থাকে না। আধুনিক রাষ্ট্র প্রতীক, ইতিহাস, জাতীয় নায়ক এবং সাংস্কৃতিক বয়ানের মাধ্যমেও শাসন চালায়। সমাজবিজ্ঞানী Robert Bellah তাঁর ‘Civil Religion in America(1967)’ রচনায় বলছেন যে আধুনিক রাষ্ট্র নিজের জন্য অনেক পবিত্র প্রতীক তৈরি করে, যেগুলি ধর্মীয় প্রতীকের মতোই সামাজিক শঙ্খলা ও ঐক্যের জন্য কাজ করে। আমরা খেয়াল করি- রবীন্দ্রনাথকে বার বার একই উদ্দেশে ব্যবহার করা হইছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন, পাকিস্তানি জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ ও ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ- এইসব ঐতিহাসিক মুহূর্তে রবীন্দ্রনাথকে কেবল একজন কবি হিসাবে না, বরং তাকে জাতীয় আত্মপরিচয়ের প্রতীক হিসাবে ব্যবহার করা হইছে। কিন্তু সমস্যা এই প্রতীকায়নে না, সমস্যা তখন শুরু হয় যখন প্রতীক সমালোচনার ঊর্ধ্বে চইলা যায়, ব্যাক্তিকে পূজা করার পর্যায়ে নিয়া আসা হয়।
‘রুচি’ পক্ষপাতহীন না
ফরাসি সমাজবিজ্ঞানী Pierre Bourdieu তার বই ‘Distinction: A Social Critique of the Judgement of Taste(১৯৮৪)’ এ বলছেন যে সমাজে রুচি কখনোই পক্ষপাতহীন না। সমাজের প্রভাবশালী মানুষের রুচি, সাহিত্য, সংগীত, ভাষা এবং সাংস্কৃতিক অভ্যাস প্রায় ক্ষেত্রে সামাজিক ক্ষমতার ভাষায় পরিণত হয়। তিনি এইটাকে নাম দিছেন ‘Cultural Capital’ বা সাংস্কৃতিক পুঁজি নামে। বাংলাদেশে শহুরে শিক্ষিত, সেকুলার বাঙালি মধ্যবিত্ত শ্রেণির একটি অংশের মধ্যে দীর্ঘদিন ধইরা একটি অলিখিত সাংস্কৃতিক শ্রেণিবিন্যাস কাজ করতেছে। তারা মনে করে যে- রবীন্দ্রসংগীত জানা মানে সংস্কৃতিবান, রবীন্দ্রনাথ পড়া মানে রুচিশীল, ধ্রুপদী শিল্পচর্চা মানে উচ্চ সংস্কৃতি, গ্রামীণ ধর্মীয় সংস্কৃতি মানে পশ্চাৎপদতা, ইসলামি সাংস্কৃতিক ভাষা মানে সন্দেহজনক, রক্ষণশীলতা। এইখানে আমরা দেখি- রবীন্দ্রনাথ কেবল একজন সাহিত্যিক থাকেন না, তিনি যেন একটা শ্রেণীর সাংস্কৃতিক পরিচয়পত্র ও মুখপাত্রে পরিণত হন । ফলে বিষয়টি আর নিরিহ সাহিত্যিক থাকে না, এইটা হয়ে ওঠে সামাজিক ও রাজনৈতিক ক্ষমতার বিষয়।
সাংস্কৃতিক আধিপত্য
ইতালীয় মার্ক্সবাদী দার্শনিক Antonio Gramsci’র মতে সমাজে ক্ষমতা শুধু রাষ্ট্র বা অর্থনীতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না, সমাজে একটা শ্রেণি সংস্কৃতি, শিক্ষা, মিডিয়া ও শিল্প সাহিত্যের মাধ্যমেও তাদের আধিপত্য তৈরি করে। এই সাংস্কৃতিক আধিপত্য এমনভাবে কাজ করে যে জনগণ ক্ষমতাসীন সাংস্কৃতিক মানদণ্ডকে স্বাভাবিক ও চিরন্তন সত্য হিসাবে মাইনা নেয়। আমরা দেখি যে বাংলাদেশের সাংস্কৃতিক এলিটদের একটি অংশ সংস্কৃতির সংজ্ঞাকে নিজেদের মত কইরা অত্যন্ত সংকীর্ণভাবে বানাইয়া নিছে। তাদের মতে- রবীন্দ্রপাঠ ও সংগীতই আসল সংস্কৃতি, শহুরে মধ্যবিত্ত নন্দনতত্ত্বই উন্নত রুচি, আর ইসলামি সাংস্কৃতিক ঐতিহ্য হইলো প্রতিক্রিয়াশীল! এই সমীকরণ বাস্তবতার সঙ্গে পুরোপুরি মিল খায় না। কারণ বাংলাদেশের সংস্কৃতি একই সঙ্গে রবীন্দ্রনাথ, নজরুল, লালন, জসীমউদ্দীন, মরমিয়া ধারা, সুফি ঐতিহ্য, পুঁথি সাহিত্য এবং ইসলামি সভ্যতার বৌদ্ধিক ঐতিহ্য ও উত্তরাধিকারের সমন্বয়ে গইড়া উঠছে।
Benedict Anderson তার বিখ্যাত Imagined Communities গ্রন্থে কল্পিত রাজনৈতিক সম্প্রদায়ের (imagined political community) কথা উল্লেখ করছেন, যেখানে আমরা দেখতে পাই- মানুষ তার অধিকাংশ সহনাগরিককে দেখে না , চিনে না, তবুও তারা নিজেদেরকে একই জাতির সদস্য হিসেবে কল্পনা করে। এই কল্পনার প্রধান উপাদান হইলো ভাষা, ইতিহাস, জাতীয়তা, শিক্ষা, সংবাদপত্র, সাহিত্য এবং প্রতীক। বাংলাদেশের ক্ষেত্রেও একই প্রক্রিয়া কাজ করছে। বাংলা ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাসকে কেন্দ্র কইরা একটা বাঙালি জাতীয় কল্পনা গইড়া উঠছে। বলা বাহুল্য এই কল্পিত সম্প্রদায়ের অন্যতম শক্তিশালী সাংস্কৃতিক প্রতীক হইলেন রবীন্দ্রনাথ। ফরাসি সমাজবিজ্ঞানী Emile Durkheim বলছেন- আধুনিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যখন ধীরে ধীরে নিজেকে পবিত্র কইরা তোলে তখন সেই পবিত্রতাকে প্রতীক, আচার ও ব্যক্তিত্বের মাধ্যমে প্রকাশ করে। তাই বলা যায়- এই কারণে আধুনিক ধর্মনিরপেক্ষ সমাজগুলি সম্পূর্ণ ধর্মহীন না। তাদেরও থাকেঃ জাতীয় বীর, প্রতিষ্ঠাতা নায়ক, পবিত্র দিবস, জাতীয় প্রতীক এবং সাংস্কৃতিক ব্যাক্তিত্ব। এই দৃষ্টিকোণ থেইকা দেখলে বুঝতে পারি, রবীন্দ্রনাথের ক্ষেত্রেও এমন একটা প্রক্রিয়া কাজ করছে।
বাঙালি মুসলমানের পরিচয়-সংকট
ক
পৃথিবীর অনেক দেশেই ভাষা ধর্ম আর জাতীয় পরিচয় এমনভাবে একসঙ্গে মিলা মিশা থাকে যে, মানুষকে এই পরিচয়গুলির সম্পর্ক নিয়া খুব বেশি চিন্তা করতে হয় না। কিন্তু বাঙালি মুসলমানের ইতিহাস ও অভিজ্ঞতা কিছুটা আলাদা। তার সামনে ইতিহাস দুইটা বড় উত্তরাধিকার নিয়া হাজির হইছে -একদিকে ইসলামি সভ্যতার প্রায় চৌদ্দশ বছরের বৌদ্ধিক, আধ্যাত্মিক ও ঐতিহাসিক ঐতিহ্য আবার অন্যদিকে বাংলা ভাষা, বাংলার মাটি, নদ-নদী, লোক সংস্কৃতি, সাহিত্য আর আঞ্চলিক সংস্কৃতি। একটা উত্তরাধিকার তাকে বৃহত্তর মুসলিম বিশ্বের সঙ্গে আত্মীয়তার বন্ধনে যুক্ত করছে, আরেকটা তারে নিজের মাটি ও মানুষের কাছে। একটা তার ধর্মীয় বিশ্বাস ও নৈতিকতার ভিত্তি, আরেকটা তার ভাষার জগৎ। এই দুইয়ের মধ্যে স্বাভাবিকভাবে কোনো বিরোধ থাকার কথা না। এই দুই পরিচয়ের সহাবস্থানে কোনো সমস্যা ছিল না। সমস্যা তৈরি হয় যখন আধুনিক রাজনৈতিক মতাদর্শ ও উগ্র বাঙ্গালি জাতীয়তাবাদ দুইটা পরিচয়কে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে উপস্থাপন করতে শুরু করে।
ইতিহাসের দিকে তাকাইয়া আমরা বলতে পারি, বাঙালি মুসলমানের পরিচয় নির্মাণের ভাষা, ধর্ম ও ভূখণ্ডের সম্পর্ক কখনো সরল এক রৈখিক ভাবে কাজ করে নাই। ঔপনিবেশিক শাসন, দেশভাগ, ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালে বাংলাদেশের জন্ম- প্রতিটি ঐতিহাসিক অভিজ্ঞতা তার আত্মপরিচয়কে নতুনভাবে তৈরী করছে। কখনো ধর্মীয় পরিচয়কে প্রধান করে দেখা হইছে আবার কখনো ভাষা ও সংস্কৃতিকে জাতিসত্তার কেন্দ্রে রাখা হইছে। কিন্তু এই দুই ধারার কোনো একটিকে একমাত্র সত্য বইলা ধরলে বাঙালি মুসলমানের ঐতিহাসিক অভিজ্ঞতার পূর্ণতা বোঝা যায় না। কারণ তার জীবন গইড়া উঠছে একই সঙ্গে বাংলার মাটি ও ভাষা, ইসলামি বিশ্বাস, নৈতিকতা ও ঐতিহ্যের মধ্যে।
বাঙালি মুসলমানের পরিচয়-সংকট কোনো সরল, স্বাভাবিক ঐতিহাসিক ঘটনা না। বরং এই সংকট ব্রিটিশ উপনিবেশ, উচ্চবিত্ত হিন্দু লেখক ও বুদ্ধিজীবীদের মারফতে তৈরি বাঙালি জাতীয়তাবাদ, বাংলা ভাষা-রাজনীতি এবং আধুনিক রাষ্ট্র নির্মাণের দীর্ঘ ও জটিল প্রক্রিয়ার ফল। তাই ‘আমি আগে মুসলমান, না আগে বাঙালি’ দুইটার মধ্যে একটাকে সিলেক্ট করার মধ্যে লুকানো আছে ঐতিহাসিক ষড়যন্ত্র ও বিভেদের কু-রাজনীতি। আমরা ইতিহাস পইড়া দেখতে পাই যে প্রাক-আধুনিক মুসলিম সমাজে এই প্রশ্নের অস্তিত্ব ছিল না বললেই চলে। একজন মানুষ একই সঙ্গে মুসলমান ও বাঙালি হইতে পারতেন। এই দুই পরিচয় পরস্পরের প্রতিদ্বন্দ্বী ছিল না, বরং তারা ছিল পরস্পর-সম্পর্কিত ও সহাবস্থানমূলক। কিন্তু উনিশ শতকের ঔপনিবেশিক আধুনিকতা ও উগ্র বাঙালি জাতীয়তাবাদ পরিচয়ের এই বহুত্বকে ভেঙে নতুন শ্রেণিবিন্যাস তৈরি করতে সক্ষম হয়।
খ
আর একবার ইতিহাসে আসি, ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন ছিল মুসলমানদের সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় অধিকার আদায়ের অনিবার্য আন্দোলন, সেইটা এক সময়ে বাঙালি মুসলমানের ধর্মীয় পরিচয়কে রাজনৈতিক পরিচয়ের সামনে নিয়া আসে। কিন্তু আবার ১৯৫২ সালের ভাষা আন্দোলন ভাষাভিত্তিক পরিচয়কে নতুন রাজনৈতিক শক্তি হিসাবে হাজির করে। পরে ১৯৭১ সালের স্বাধীন বাংলাদেশের জন্ম সেই ভাষাভিত্তিক জাতীয় পরিচয়কে আরও শক্তিশালী করে তোলে। ফলে বাঙালি মুসলমানের সামনে একটা নতুন প্রশ্ন আইসা দাঁড়ায়- আমি কি একটি বৈশ্বিক ইসলামি উম্মাহর অংশ, নাকি একটি ভাষাভিত্তিক বাঙালি সম্প্রদায়ের সদস্য? এইটার উত্তর খুব সহজ। একজন মানুষ একই সঙ্গে এই দুইটাই হইতে পারেন- জাতিতে বাঙালি ও ধর্মে মুসলমান। কিন্তু রাজনৈতিক মেরুকরণ ও কিছু ফিতনা ফাসাদ সৃষ্টিকারী মানুষের মতাদর্শগত সংঘাত এই দুই পরিচয়কে কৃত্রিমভাবে সামনে সামনি দাঁড় করাইছে। ফলে ধীরে ধীরে কিছু মনস্তাত্ত্বিক প্রশ্ন জন্ম নিছে। যেমন- ইসলামী পরিচয় কি বাঙালিত্বের সঙ্গে সাংঘর্ষিক? রবীন্দ্রনাথকে প্রশ্ন করলে কি আমি কম বাঙালি হয়ে যাই?
গ
বোঝা যায়, উপরের প্রশ্নগুলির অধিকাংশই বাস্তব সামাজিক অভিজ্ঞতার চেয়ে রাজনৈতিক ভাষ্য ও মতাদর্শিক নির্মাণের ফল। এই প্রেক্ষিতে আমরা এডওয়ার্ড সাঈদের স্মরণ নিতে পারি। সাঈদ তার বিখ্যাত বই Orientalism(প্রাচ্যবাদ) এ দেখাইছেন যে আধুনিক জ্ঞান ও ক্ষমতার কাঠামো প্রায়ই পূর্ব ও পশ্চিম, আধুনিক ও ঐতিহ্য, ধর্মীয় ও যুক্তিবাদী- এই ধরনের দ্বৈত বিভাজন তৈরি কইরা মানুষের মনে দ্বিধা দ্বন্দ্ব তৈরী করে। দক্ষিণ এশিয়ার মুসলমানদের ক্ষেত্রেও অনেক সময় একই ধরনের দ্বৈততা কাজ করছে, যেখানে ধর্মীয় পরিচয়কে আধুনিকতার বিপরীতে এবং সাংস্কৃতিক জাতীয়তাবাদকে অগ্রগতির সমার্থক হিসেবে উপস্থাপন করা হইছে। আর এক বিখ্যাত চিন্তাবিদ Talal Asad দেখাইছেন যে ধর্ম এবং আধুনিকতা পরস্পরের বিপরীত মেরু না। আসলে আধুনিক রাষ্ট্র নিজেই ধর্মকে নতুনভাবে সংজ্ঞায়িত ও পুনর্গঠন করে। খারাপ অর্থে।
সুতরাং আমরা বলতে পারি, বাঙালি মুসলমানের পরিচয়-সংকট মূলত ইসলাম এবং বাঙালিত্বের অন্তর্নিহিত কোনো দ্বন্দ্ব না বরং এইটা আধুনিক জাতিরাষ্ট্র, ঔপনিবেশিক জ্ঞানব্যবস্থা ও রাজনৈতিক মতাদর্শের দীর্ঘ ঐতিহাসিক প্রভাবের কুফল। সম্ভবত আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হইলো এই কৃত্রিম দ্বৈততাকে অতিক্রম করা। কারণ একজন মানুষ একই সঙ্গে মুসলমান, বাঙালি, আধুনিক, ঐতিহ্যসচেতন ও বৈশ্বিক নাগরিক- সবকিছুই হতে পারে। এইটার মধ্যে কোনো অসুবিধা নাই।
সমালোচনা করার অধিকার
ইসলামী বৌদ্ধিক ইতিহাস পড়লে আমরা দেখতে পাই আল গাজ্জালী ইবনে সিনার সমালোচনা করছেন, ইবনে রুশদ গাজ্জালীর সমালোচনা করছেন আবার ইবনে খালদুন ইতিহাস ও সমাজকে নতুনভাবে ব্যাখ্যা করছেন। অর্থাৎ ইসলামী ঐতিহ্যে শ্রদ্ধা ও সমালোচনা একে অপরের বিপরীত না। সুতরাং একজন বাঙালি মুসলমানের পক্ষে একই সঙ্গে সম্ভব- রবীন্দ্রনাথের সাহিত্যিক প্রতিভাকে স্বীকার করা, কিন্তু তাঁর ধর্মীয় বা দার্শনিক চিন্তার সঙ্গে দ্বিমত পোষণ করা। এইটাতে কোনো হীনম্মন্যতা নাই।
তার কবিতার জন্য কোনো কবিকে শ্রদ্ধা করাতে কোনো সমস্যা দেখি না। সমস্যা তখনই শুরু হয় যখন কোনো কবিকে এমন এক অবস্থানে নিয়া যাওয়া হয়, যেখানে তাঁকে প্রশ্ন করা যায় না, সমালোচনা করা যায় না এবং তাঁর বাইরে অন্য ইতিহাস ও ঐতিহ্যের জায়গা থাকে না। একটা সুস্থ সমাজ তার মহান ব্যক্তিদের সম্মান করে, কিন্তু তাদেরকে সমালোচনার বাইরেও রাখে না। মনে রাখতে হবে- প্রশ্নহীন ভালোবাসার মাধ্যমে জ্ঞানের চর্চা হয় না, বরং নতুন ধরনের সাংস্কৃতিক কর্তৃত্ব এবং প্রতীকী আধিপত্য তৈরি হয়। আমরা জানি যে – মানুষ যত বড়ই হোক না কেন, চূড়ান্ত জ্ঞান ও সত্যের মালিক সে হইতে পারে না। চূড়ান্ত জ্ঞান ও সত্যের মালিক শুধু মহান আল্লাহ।
রেফারেন্সঃ
- Edward Said, Orientalism (1978): উপনিবেশ, জ্ঞান ও সাংস্কৃতিক ক্ষমতার সম্পর্ক
- Talal Asad, Formations of the Secular (2003): ধর্ম, আধুনিকতা ও রাষ্ট্রের সম্পর্ক
- Antonio Gramsci, Cultural Hegemony: সাংস্কৃতিক আধিপত্য ও এলিটদের ভূমিকা
- Emile Durkheim, The Elementary Forms of Religious Life (1912): সমাজ কীভাবে পবিত্রতা ও প্রতীক নির্মাণ করে
- Benedict Anderson, Imagined Communities (1983): জাতি ও জাতীয় পরিচয় একটি কল্পিত রাজনৈতিক সম্প্রদায়
- Pierre Bourdieu, Distinction (1984): সংস্কৃতি, রুচি ও শ্রেণিগত ক্ষমতার সম্পর্ক
~~~একটা দেশের মানুষ আইনের প্রতি আস্থা হারায় কেন?~~
রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি লেপন একটা ছোট অপরাধ , grafitti and vandalism.
এই অপরাধের দ্রুত বিচার হলে মানুষ বুঝত, কোন অপরাধের কী শাস্তি। অপরাধবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, শাস্তির কঠোরতার চেয়ে ধরা পড়ার নিশ্চয়তা অপরাধ প্রতিরোধে বেশি কার্যকর।
পুলিশ মামলায় একশো একটা ধারা ঢুকিয়ে একটা ছোট অপরাধের জন্য কয়েকজন মানুষের জীবন ধ্বংসের ঝুঁকি তৈরি করল। এই নাগরিকেরা কি কোনো দিন রাষ্ট্রের প্রতি আস্থা ফিরে পাবে?
রাষ্ট্রের লক্ষ্য হওয়া উচিত অপরাধের দ্রুত বিচার, অভিযোগের পাহাড় নয়।
মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু অন্যের সম্পত্তি বা সাংস্কৃতিক স্থাপনা নষ্ট করার দায়মুক্তি না।
আর আহা, সুশীল সমাজ যেআবেগে কাইন্দা দিলো
, তাদের কাছে প্রশ্ন,
ন্যায়বিচারের চেয়ে আবেগকে বড় করে দেখলে আপনাদের প্রতিই বা মানুষের আস্থা আসবে কীভাবে?
পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।