আমার কবিতা যারা পড়ে তাদেরকে শত প্রীতি, জানাই সালাম।
দিই তাদেরকে হৃদয়ের জিয়াফত। তাদেরকে আমি খাওয়াবো
দই-চিড়া, ডাল ভাত, মাছ মাংস, ফলের তিলক। তাদেরকে
জড়িয়ে ধরবো, চুমু দিবো, দিবো বড় মাছ- আমার শপথ।
আমার কবিতা এক নয়, অনেক ভাষার পথ। যারা পড়ে তারা
অনেক মেহেরবান। তারা ধৈর্যশীল, আছে বড় কলিজা, হৃদয়।
আমার কবিতা ভাষা নিয়ে খেলা করে, মাঝে মাঝে সুরা পড়ে।
এর উচা নিচা রাস্তা, আছে ভিন্ন রঙ, রেখা, লোক ও ঐতিহ্য প্রীতি।
আছে জিন্দা শব্দ-বাক্য, স্বপ্নে পাওয়া সবুজ বাড়ি, কাসিদা- গজল ।
আমার কবিতা যারা গোপনে পড়েন, ওরা কারা? কী ওদের
পরিচয়? তারা কি বেহুলা, লক্ষিন্দর? তারা কি হেলেন, জাহানারা?
তারা আমার কবিতা নিয়ে বসে থাকে পূর্নিমার রাতে আর নেচে
ওঠে প্রেম ও বিরহকালে। যেন তাদের শরীরে নেমেছে আদিমতা
যেন আমার কবিতা পড়ে তারা খেয়ে নেবে- নিষিদ্ধ গন্দম।
ওরা ঠিক কারা? কী ওদের পরিচয়? হয়ত তাদের মুখ চেনা-
হয়ত চিনি না তাদেরকে কেউ। তারা দেখা দেয়, আবার দেয় না।
কেউ বাতাসে লুকিয়ে থাকে, চুপি চুপি আমার কবিতা-মদ পান করে ।
আমার কবিতা বিবাহের ফুল ফোটায় পাথরে, মরা গাছে দেয় প্রাণ,
তার জাহিরি বাতেনি কথা পাঠ করে ইহতেকাফের জিন, ইনসান।
২০/০৭/২৬
Leave a comment