Current date September 24, 2026
মানুষ, দর্শন, ইতিহাস, সভ্যতাস্প্রিচ্যুয়াল লেখা

মুহাম্মদ (সাঃ)এর মানবদর্শনঃ দেহ, রূহ ও দায়িত্বের মধ্যবর্তী মানুষ

URL copied
Share URL copied

আমরা লেখা শুরু করতে পারি এই প্রশ্ন দিয়া যে- মানুষ কে? সে কি কেবল একটি জৈবিক প্রাণী, যার অস্তিত্ব জন্ম, খাদ্য, প্রজনন ও মৃত্যুর মধ্যেই সীমাবদ্ধ? নাকি মানুষ মূলত একটি চিন্তাশীল সত্তা, যার বিশেষত্ব তার যুক্তি ও ভাষায়? আবার এমনও কি হইতে পারে যে- মানুষ একটি রূহানী সত্তা, যে সাময়িকভাবে একটি দেহে বাস করে? মানুষের ইতিহাস মূলত এই প্রশ্নের ভিন্ন ভিন্ন উত্তরের ইতিহাস। দর্শন, ধর্ম, মনোবিজ্ঞান, নৃতত্ত্ব ও আধুনিক বিজ্ঞানের বড় অংশ মানুষকে সংজ্ঞায়িত করছে এই দীর্ঘ অনুসন্ধানের বিভিন্ন পথে । ফলে এই প্রশ্নের উত্তর দিতে গিয়া বিভিন্ন সমাজ মানুষের ভিন্ন ভিন্ন প্রতিকৃতি নির্মাণ করছে।

গ্রিক দার্শনিক অ্যারিস্টটল মানুষকে বলেছিলেন ‘zoon logikon’ মানে যুক্তিবাদী প্রাণী। তার কাছে মানুষের স্বাতন্ত্র্য দেহে নয়, বরং ‘logos’ বা যুক্তিচর্চার ক্ষমতায়। অর্থাৎ মানুষ প্রকৃতির একটি প্রাণী হইলেও তার বিশেষত্ব হইলো বুদ্ধিবৃত্তিক বিচারক্ষমতায়। এই ধারণা পরবর্তী পাশ্চাত্য দর্শনের উপর গভীর প্রভাব ফেলছে। আধুনিক যুগে এই সংজ্ঞা আবার বদলাইয়া গেছে। ডারউইনের বিবর্তনবাদ মানুষকে জীবজগতের ধারাবাহিক বিবর্তনের অংশ হিসেবে ব্যাখ্যা করে। ফলে মানুষের উৎসকে আর অতিপ্রাকৃত কোনো ঘটনায় নয়, বরং প্রাকৃতিক ইতিহাসের দীর্ঘ জৈবিক প্রক্রিয়ায় খোঁজা হয়। সমসাময়িক স্নায়ুবিজ্ঞান আরও এক ধাপ আগাইয়া দাবি করে যে চেতনা, অনুভূতি, স্মৃতি ও সিদ্ধান্ত- এসবই মূলত মস্তিষ্কের স্নায়বিক ও জৈব-রাসায়নিক ক্রিয়ার ফল। এই দৃষ্টিতে মানুষকে বোঝার কেন্দ্র হয়ে ওঠে brain, body এবং biology। অন্যদিকে আধুনিক লিবারেল দর্শন মানুষকে প্রধানত একটি স্বায়ত্তশাসিত ব্যক্তি (autonomous self) হিসেবে দেখে। আধুনিক পাশ্চাত্যে আত্মপরিচয়ের কেন্দ্র ধীরে ধীরে সৃষ্টিকর্তা, ঐতিহ্য ও সম্প্রদায় থেকে সইরা আইসা ব্যক্তির স্বাধীন ইচ্ছা ও স্বাধীনতায় স্থানান্তরিত হইছে।

নবী মুহাম্মদ (সাঃ) এর শিক্ষা মানুষের কোনো একমাত্রিক সংজ্ঞা দেয় না; বরং মানুষের অস্তিত্বকে একটি সমগ্র (integrated whole) হিসাবে পাঠ করে। জীববিজ্ঞান মানুষের দেহকে, মনোবিজ্ঞান তার মানসিকতাকে, দর্শন তার যুক্তিকে ব্যাখ্যা করলেও, ইসলাম এইসব মাত্রাকে তাওহীদের আলোকে একটি নৈতিক ও আধ্যাত্মিক ঐক্যে সংযুক্ত করে। ইসলামে মানুষ কেবল দেহ নয়, আবার কেবল রূহও নয়। সে কেবল চিন্তার যন্ত্র নয়, আবার নিছক প্রবৃত্তির প্রাণীও নয়। মানুষ হইলো দেহ (জিসম), রূহ, নফস, ক্বালব, আকল, ফিতরাহ এবং নৈতিক দায়িত্বের সমন্বয়ে গঠিত এক ঐক্যবদ্ধ সত্তা। এই সমগ্রতার কারণেই কুরআন কখনো মানুষকে ‘খলিফা(প্রতিনিধি)’ বলে, কখনো ‘আবদ(বান্দা)’, কখনো ‘নফস(প্রাণ ও সত্তা)’, আবার কখনো ‘ইনসান(মানুষ)’ নামে সম্বোধন করে। এইগুলি আলাদা আলাদা পরিচয় না বরং মানুষের বহুমাত্রিক অস্তিত্বের ভিন্ন ভিন্ন দিক। এখানেই নববী মানবদর্শনের মৌলিকতা নিহিত। পাশ্চাত্যের অনেক নৃতাত্ত্বিক তত্ত্ব মানুষকে হয় জৈবিক, নয় মানসিক, নয় সামাজিক সত্তায় সীমাবদ্ধ করে। কিন্তু নবী (সাঃ) মানুষের মধ্যে অস্তিত্ব (being), চেতনা (consciousness) এবং নৈতিক দায়িত্ব (moral responsibility)- এই তিনটাকে অবিচ্ছেদ্যভাবে যুক্ত করেন। ইসলামে মানুষকে বুঝতে হইলে তাই কোনো একক শাস্ত্র যথেষ্ট নয়। তার দেহ, অন্তর, বুদ্ধি, রূহ এবং আল্লাহর সঙ্গে তার সম্পর্ক- এসবগুলিকে একসাথে পড়তে হইবো। এই সমগ্রতাই ইসলামী মানবতত্ত্বের ভিত্তি।

কুরআন মানুষ সম্পর্কে একসাথে দুইটা কথা বলে। একদিকে মানুষ মাটি থেকে সৃষ্ট অর্থাৎ সে প্রকৃতির অংশ, জৈবিক, সীমাবদ্ধ এবং মৃত্যুশীল। অন্যদিকে আল্লাহ তার মধ্যে নিজ রূহ থেকে ফুঁকে দিছেন (আল-হিজর ১৫:২৮–২৯; আস-সাজদাহ ৩২:৭–৯)। এখানে ‘রূহ’ বলতে আল্লাহর সত্তার অংশ বোঝায় না। ইমাম তাবারি, ইবন কাসির ও ফখরুদ্দীন আর-রাযীর ব্যাখ্যায় ‘রূহি’ (আমার রূহ) একটি সম্মান ও মর্যাদা প্রদানের ভাষা। আল্লাহর সত্তাগত অংশীদারিত্ব না।

মাটি মানুষের ভঙ্গুরতার প্রতীক। মানুষ ক্ষুধার্ত হয়, ক্লান্ত হয়, অসুস্থ হয়, বার্ধক্যে পৌঁছে এবং শেষ পর্যন্ত মাটিতেই ফিরা যায়। কিন্তু রূহ তাকে এমন এক দিগন্তের সঙ্গে যুক্ত করে, যেইটা কেবল জৈবিকভাবে বাঁইচা থাকা দিয়া ব্যাখ্যা করা যায় না। সত্যের আকাঙ্ক্ষা, ন্যায়বোধ, সৌন্দর্যের অনুভূতি, অনুতাপ, ইবাদত- এইসব মানুষের রূহানী সক্ষমতার প্রকাশ। এইখানেই নবী মুহাম্মদ (সাঃ) এর মানবদর্শনের মৌলিকতা। তিনি মানুষকে দেহ ও আত্মার দুইটা আলাদা সত্তা হিসেবে দেখেন না, আবার মানুষকে কেবল বস্তুগত প্রাণী হিসেবেও দেখেন না। মানুষ হইলো মাটি ও রূহের মিলনে গঠিত এক নৈতিক সত্তা যে পৃথিবীতে বাস করে, কিন্তু যার চেতনা পৃথিবীর সীমা অতিক্রম করার ক্ষমতা রাখে।

ফলে ইসলামে মানুষের মর্যাদা তার শক্তিতে না, তার বুদ্ধিতেও না বরং এই কারণে যে সে এমন এক সত্তা, যার মধ্যে আল্লাহ আমানত বহনের যোগ্যতা সৃষ্টি করছেন। তাই মানুষ প্রকৃতির মালিক না, আবার প্রকৃতির বন্দিও না। সে পৃথিবীর ভেতরে থেকেও তার প্রতি নৈতিকভাবে দায়বদ্ধ একটি সত্তা। দেহ মানুষকে পৃথিবীর সঙ্গে যুক্ত করে, তার ক্ষুধা, ক্লান্তি, বাঁইচা থাকার প্রবৃত্তি এবং জৈবিক চাহিদা দেহের অংশ। কিন্তু রূহ মানুষকে জীবনের উদ্দেশ্য ঠিক করে দেয় এবং আল্লাহর দিকে অভিমুখী করে। নববী দৃষ্টিতে এই দুইয়ের কোনোটিই অস্বীকার করা হয় না, বরং ভারসাম্য প্রতিষ্ঠা করা হয়। এই কারণেই ইসলাম একদিকে সন্ন্যাসবাদকে প্রত্যাখ্যান করে, অন্যদিকে সীমাহীন ভোগবাদকেও সমর্থন করে না। নবী (সাঃ) বলেছেন, ‘তোমার শরীরেরও তোমার ওপর অধিকার আছে।’ (সহিহ আল-বুখারি) আবার একই সঙ্গে তিনি রাতের ইবাদত, যিকির ও আত্মশুদ্ধির ওপর গুরুত্ব দিছেন। অর্থাৎ মানুষের দেহ ও রূহ উভয়েরই হক আছে।

নববী মানবদর্শনে নফস মানুষের কোনো শত্রু না, বরং এইটা মানুষের নৈতিক পরীক্ষার ক্ষেত্র। কুরআনে নফসকে কখনো মন্দের প্রতি প্ররোচনাকারী (১২:৫৩), কখনো আত্মসমালোচনাকারী (৭৫:২), আবার কখনো প্রশান্ত (৮৯:২৭–৩০) হিসাবে বর্ণনা করা হইছে। অর্থাৎ মানুষ স্থির কোনো সত্তা না, সে পরিবর্তনশীল ও নৈতিক বিকাশের সক্ষমতা রাখে। নবী (সাঃ)-এর শিক্ষা নফসকে ধ্বংস করার শিক্ষা নয়, বরং তাকে পরিশুদ্ধ করার শিক্ষা। সালাত, সওম, যাকাত, যিকির এবং তাওবা- এসবই নফসকে সুশৃঙ্খল ও আল্লাহমুখী করার অনুশীলন।

আধুনিক মানুষ হৃদয়কে আবেগের প্রতীক হিসাবে মনে করে। কিন্তু কুরআন ও সুন্নায় ক্বালব(হৃদয়)মানুষের নৈতিক ও আধ্যাত্মিক চেতনার কেন্দ্র। নবী (সাঃ) বলছেনঃ ‘জেনে রাখো, শরীরে একটি মাংসপিণ্ড আছে। সেটি ঠিক থাকলে পুরো শরীর ঠিক থাকে, আর সেটি নষ্ট হলে পুরো শরীর নষ্ট হয়। সেটিই হলো ক্বালব।’ (সহিহ আল-বুখারি; সহিহ মুসলিম) এখানে ক্বালবকে কেবল অনুভূতির উৎস হিসাবে না, বরং মানুষের নৈতিক সিদ্ধান্ত, ঈমান এবং চরিত্রের কেন্দ্র হিসেবে উপস্থাপন করা হইছে। তাই ইসলামে সংস্কার শুরু হয় বাইরের আচরণ দিয়া না, শুরু হয় অন্তরের রূপান্তর দিয়া।

নবী (সাঃ) বলেছেন: ‘প্রত্যেক শিশুই ফিতরাহর ওপর জন্মগ্রহণ করে। এরপর তার পিতা,মাতা তাকে ইহুদি, খ্রিস্টান অথবা অগ্নিপূজক বানায়।’ (সহিহ আল-বুখারি; সহিহ মুসলিম) এই হাদিস ইসলামী নৃতত্ত্বের একটি মৌলিক ভিত্তি। মানুষ জন্মগতভাবে নৈতিক ও তাওহীদমুখী সম্ভাবনা নিয়া জন্মায়। পরিবার, সমাজ, সংস্কৃতি এবং পরিবেশ তার বিকাশকে প্রভাবিত করে, কিন্তু তার গভীরে একটি আল্লাহমুখী প্রবণতা বিদ্যমান থাকে। এইটা আধুনিক সামাজিক নির্মাণবাদ (social constructionism) থেকে ভিন্ন। ইসলাম মানুষকে সম্পূর্ণ সামাজিক নির্মাণ বলে মনে করে না, বরং স্বীকার করে যে মানুষের একটি স্বাভাবিক নৈতিক গঠন আছে, যা বিকৃতও হইতে পারে এবং পুনরুদ্ধারও হইতে পারে।

নবী (সাঃ) এর মানবদর্শনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হইলো মানুষের পরিচয়কে দুইটা পরিপূরক ধারণার মাধ্যমে ব্যাখ্যা করা- আবদ (বান্দা) ও খলিফা (প্রতিনিধি)। বান্দা হওয়া মানে মানুষের সীমাবদ্ধতা, নির্ভরশীলতা এবং আল্লাহর প্রতি আনুগত্যকে স্বীকার করা। আর খলিফা হওয়া মানে পৃথিবীতে ন্যায়, আমানত এবং কল্যাণ প্রতিষ্ঠার দায়িত্ব গ্রহণ করা (সুরা আল-বাকারা ২:৩০)। এই দুই পরিচয়ের সমন্বয় মানুষকে অহংকার থেকেও রক্ষা করে, আবার নিষ্ক্রিয়তাতেও পতিত হতে দেয় না। মানুষ ক্ষমতাবান, কিন্তু সর্বশক্তিমান না, স্বাধীন, কিন্তু সীমাহীন স্বাধীন না, দায়িত্বশীল, কিন্তু সর্বময় কর্তৃত্বের অধিকারী না।

আধুনিকতার একটি বড় ধারণা হইলো স্বাধীনতা মানে নিজের ইচ্ছামতো জীবনযাপন। কিন্তু নবী (সাঃ) স্বাধীনতাকে নৈতিক দায়িত্ব থেকে বিচ্ছিন্ন করেন নাই। তিনি বলেছেনঃ “তোমাদের প্রত্যেকেই একজন রাখাল, এবং প্রত্যেককেই তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।” (সহিহ আল-বুখারি; সহিহ মুসলিম) এখানে স্বাধীনতা মানে জবাবদিহিমুক্ত জীবন না, বরং আমানতের সঙ্গে জীবনযাপন। পরিবার, সম্পদ, জ্ঞান, ক্ষমতা- সবকিছুই মানুষের কাছে একটি আমানত।

আজকের মানুষ প্রযুক্তিগতভাবে শক্তিশালী হইলেও পরিচয়, অর্থ এবং উদ্দেশ্যের সংকটে ভুগতেছে। একদিকে ভোগবাদ মানুষকে কেবল দেহে সীমাবদ্ধ করে, অন্যদিকে কিছু আধ্যাত্মিক ধারা মানুষকে দেহবিমুখ করে তোলে। নবী মুহাম্মদ (সাঃ) এর মানবদর্শন এই দুই চরমতার মধ্যবর্তী একটি ভারসাম্যপূর্ণ পথ দেখায়। এখানে মানুষ একদিকে পৃথিবীতে সক্রিয়, জ্ঞানচর্চাকারী, পরিবার ও সমাজ নির্মাতা, অন্যদিকে আল্লাহসচেতন, আত্মসমালোচনাকারী এবং আখিরাতমুখী। এই দৃষ্টিভঙ্গি মানুষকে কেবল সফল হইতে নয়, বরং সৎ হইতে শেখায়, কেবল উৎপাদনশীল হইতে নয়, বরং নৈতিক হইতে শেখায়।

আধুনিক চিন্তায় প্রায়ই দেহ ও আত্মা, যুক্তি ও অনুভূতি, ব্যক্তি ও সমাজ, কিংবা ধর্ম ও পৃথিবী- এইসবকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির করা হয়। কিন্তু ইসলামে এই দ্বৈততা ভেঙে যায়। এখানে দেহ ও রূহ, আকল ও ক্বালব, স্বাধীনতা ও দায়িত্ব, দুনিয়া ও আখিরাত-পরস্পরের বিপরীত ধারণা না; বরং একই মানবসত্তার পরিপূরক মাত্রা। এই সমন্বয়ের কেন্দ্রবিন্দু হইলো তাওহীদ। তাওহীদকে সাধারণত আল্লাহর একত্বের বিশ্বাস হিসেবে ব্যাখ্যা করা হয়। কিন্তু নবী (সাঃ)এর শিক্ষা দেখায়, তাওহীদ শুধু একটি ধর্মতাত্ত্বিক মতবাদ না বরং মানুষের অস্তিত্বকে সংগঠিত করার মূল নীতি। তাওহীদ মানে বাস্তবতার কেন্দ্র একটাই। মানুষের জ্ঞান, ক্ষমতা, সম্পদ, পরিচয় কিংবা স্বাধীন ইচ্ছা- কোনোটাই চূড়ান্ত নয়। চূড়ান্ত কেন্দ্র একমাত্র আল্লাহ। তাই ইসলামে মানুষের সংকট মূলত জ্ঞানের সংকটের আগে অভিমুখের সংকট। মানুষ যখন নিজের নফস, ক্ষমতা বা আকাঙ্ক্ষাকে কেন্দ্র বানায়, তখনই সে তাওহীদের ভারসাম্য হারায়।

এই কারণেই কুরআন মানুষকে একই সঙ্গে আবদ (বান্দা) এবং খলিফা (প্রতিনিধি) বলে। এই দুই পরিচয় পরস্পরবিরোধী না বরং একে অপরকে অর্থ দেয়। বান্দা হওয়া মানুষকে স্মরণ করায় যে সে অস্তিত্বগতভাবে নির্ভরশীল, সে নিজের জীবন নিজে সৃষ্টি করে নাই, নিজের মৃত্যু নিজে ঠেকাতে পারে না, এমনকি নিজের হৃদস্পন্দনেরও মালিক সে না। আবার খলিফা হওয়া মানুষকে নিষ্ক্রিয় থাকতে দেয় না বরং পৃথিবীতে ন্যায়, আমানত ও মানবকল্যাণ প্রতিষ্ঠার দায়িত্ব তার ওপর অর্পণ করে (আল-বাকারা ২:৩০)।

তাই আমরা বলি, মুহাম্মদ (সাঃ) এর মানবদর্শন কেবল কিছু ধর্মীয় বিধান বা আচার-অনুষ্ঠানের সমষ্টি নয়, বরং মানুষকে বোঝার একটি পূর্ণাঙ্গ নৃতাত্ত্বিক ও নৈতিক কাঠামো। এখানে মানুষকে খণ্ডিত সত্তা হিসেবে দেখা হয় না। তার দেহ, রূহ, নফস, ক্বালব, আকল, ফিতরাহ, সামাজিক সম্পর্ক এবং আল্লাহর সঙ্গে তার অস্তিত্বগত সম্পর্ক- এইসব এক সাথে নিয়াই মানুষের পরিচয় গঠিত হয়। আর এই মানবদর্শনের কেন্দ্রে আছে তাওহীদ। তাওহীদ শুধু আল্লাহ এক- এই বিশ্বাস না বরং মানুষের নিজের প্রকৃত অবস্থান বুইঝা নেওয়ার শিক্ষা।


রেফারেন্সঃ

  • আল-কুরআন: ২:৩০; ৭:১৭২; ১২:৫৩; ১৫:২৮–২৯; ৩০:৩০; ৩২:৭–৯; ৭৫:২; ৮৯:২৭–৩০।
  • সহিহ আল-বুখারি, সহিহ মুসলিম
  • ইমাম আল-গাজ্জালি, ইহইয়াউ উলুমিদ্দীন
  • ইবনুল কাইয়্যিম, মাদারিজুস সালিকীন (নফস ও ক্বালবের তাযকিয়া)।
  • সাইয়্যিদ হোসেইন নাসর, Knowledge and the Sacred; Islam and the Plight of Modern Man

Share URL copied

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক পোস্ট

Related Articles

নারীঃ মর্যাদা, স্বাধীনতা ও ক্ষমতার সুলুক সন্ধান

এই কথা অস্বীকার করার উপায় নাই যে- আধুনিক পশ্চিমা নারীবাদ নারীর শিক্ষা,...

Metamorphosis ও The Outsider: অস্তিত্বের অন্ধকারে কাফকা ও কামু

(আশির ও নব্বইয়ের দশকে আমরা যখন লেখালেখি শুরু করি তখন ফ্রানৎস কাফকা...

মানবসৃষ্টির দর্শন, জ্ঞানতত্ত্ব ও অহংকারের উৎপত্তি

সূরা আল-বাকারার ৩০–৩৪ নম্বর আয়াতগুলিতে আমরা কুরআনের মানবতত্ত্বের ভিত্তিপ্রস্তর লক্ষ্য করি। এই...

হাবিল-কাবিল: ক্ষমতা, ঈর্ষা ও মানুষের পতন

ইসলামের ইতিহাস ও কুরআনের বর্ণনা অনুযায়ী (আল-মায়িদাহ, আয়াত ২৭-৩১), হাবিল ও কাবিলের...